জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী কারবারি আটক
৪২ কেজি গাঁজাসহ আটক দুই নারী কারবারি
সুমন মাহমুদ, জামালপুর: জামালপুর জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ও জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সদর থানা পুলিশ পৌর এলাকা থেকে একটি সফল অভিযান পরিচালনা করে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গাঁজা কারবারিকে আটক করে।
শরিবার (১৩ জুন) ভোরে জেলা সদরের মির্ধাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এসময় মাদক বিক্রি ও ক্রয়ের দায়ে দুই নারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর উত্তরপাড়া এলাকার মো. শাহ আলীর স্ত্রী খোদেজা বেগম (৪০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের আবুলের স্ত্রী মোছা. বুলবুলি (৫৮)।
জানা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত খোদেজা বেগম উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন। এছাড়াও তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা চলমান রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। জেলা পুলিশ মাদক ব্যবসায়ী, মাদক পরিবহনকারী এবং মাদক কারবারের সঙ্গে জড়িত সকল ব্যক্তির বিরুদ্ধে নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করছে। এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে, যা মাদকবিরোধী কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা জনগণের সহযোগিতায় মাদক চক্রের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ।
পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
কমেন্ট বক্স