নওগাঁয় ১৩ বছরের স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন
শাহরিয়ার শাওন, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে কোচিং ও স্কুলে যাওয়ার পথে নাছরিন আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে সিএনজিযোগে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার এক সপ্তাহ পার হলেও মেয়ে উদ্ধার না হওয়ায় এবং থানায় মামলা দায়েরের পর আসামিদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।
আজ রোববার (১৪ জুন) এক সংবাদ সম্মেলনে নিখোঁজ ছাত্রীর মা মোছাঃ নেসপাতি বেগম কান্নাজড়িত কণ্ঠে তাঁর মেয়েকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
ভুক্তভোগী ছাত্রীর মা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ৭ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:০০ টায় প্রতিদিনের মতো তাঁর ছোট মেয়ে নাছরিন আক্তার বাড়ি থেকে কোচিং ও স্কুলের উদ্দেশ্যে বের হয়। স্কুল ও কোচিং শেষ হওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করার পর পরিবার জানতে পারে, ওই দিন সকাল আনুমানিক ১০:৩০ টায় বদলগাছী থানাধীন কোলা ইউনিয়নের কোলা গ্রামস্থ মগলের গোল পাকা রাস্তা থেকে একটি অজ্ঞাতনামা সিএনজিযোগে নাছরিনকে অপহরণ করে ভাণ্ডারপুরের দিকে নিয়ে যাওয়া হয়।
পরিবারের অভিযোগ, এই অপহরণের মূল পরিকল্পনাকারী ও ১নং বিবাদী হলেন তাদেরই প্রতিবেশী মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ রায়হান হোসেন (২৫)। এই কাজে রায়হানকে সরাসরি সহযোগিতা করেছেন ২নং বিবাদী মোঃ বেলাল হোসেন (৫২) ৩নং বিবাদী মোছাঃ শিরিন আক্তার (৪৫) ৪নং বিবাদী মোঃ সুমন হোসেন (২৮)
নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার পর অসহায় পরিবারটি বিবাদীদের সাথে যোগাযোগ করলে তারা চরম দুর্ব্যবহার করে এবং মেয়েকে ফিরিয়ে না দিয়ে উল্টো বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। বর্তমানে মূল অভিযুক্ত রায়হান ও নাবালিকা স্কুলছাত্রী অজ্ঞাত স্থানে নিখোঁজ রয়েছে। ১নং বিবাদী যেকোনো সময় মেয়ের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে বলে চরম শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ প্রশাসন, মাননীয় পুলিশ সুপার এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জের (OC) কাছে করজোড়ে মিনতি করছি—দয়া করে দ্রুত আইনি পদক্ষেপ নিন। আমার নাবালিকা মেয়েকে উদ্ধার করুন এবং এই অপহরণকারী চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।"
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাছরিন আক্তারের পিতা মোঃ হিটলার, তার বড় ভাই নাসিব হোসেন, স্থানীয় সাবেক মেম্বার সাইফুল ইসলাম, জিল্লুর রহমান প্রমূখ। উপস্থিত স্থানীয়রা দ্রুত মেয়েটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, থানায় একটি মামলা হয়েছে। আমরা ভিকটিম সহ আসামিদের আটক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
কমেন্ট বক্স