জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কিশোরগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়
এ জেড আল মুজাহিদ, কিশোরগঞ্জ: আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দেশব্যাপী শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী উদ্যোগ ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (১৩ জুন) কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা সম্মেলন কক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ সচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল এ শাখা, ট্রেজারী শাখা) মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। তাঁরা উল্লেখ করেন, একটি গাছ শুধু ছায়া বা ফলের উৎস নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার এক নীরব অঙ্গীকার। পরিবেশের ভারসাম্য অটুট রাখতে বৃক্ষরোপণকেই সবচেয়ে কার্যকর ও টেকসই উপায় হিসেবে আখ্যায়িত করে বক্তারা সবুজে ঘেরা বাসযোগ্য পৃথিবী গড়তে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।
এই মহতী উদ্যোগকে সফল করতে কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একই সাথে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কর্মসূচির সফল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা, নিবিড় তদারকি ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
আলোচনা সভা শেষে, কিশোরগঞ্জ সদর উল্লাস ডিসি পার্ক চত্বরে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণের মাধ্যমে জেলাপর্যায়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করা হয়।
কমেন্ট বক্স