পঞ্চগড়ে লাইসেন্সহীন কেক-দই উৎপাদন, জরিমানা
আল বাইক বেকারিতে অভিযান
মাহামুদুল ইসলাম, পঞ্চগড় : পঞ্চগড়ে ডেকোরেটেড কেক ও দই উৎপাদনের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ‘আল বাইক বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার তিন মাইল এলাকায় অবস্থিত ওই বেকারিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআই-এর অনুমোদন বা বৈধ লাইসেন্স ছাড়াই দই এবং ডেকোরেটেড কেক উৎপাদন ও বাজারজাত করে আসছিল আল বাইক বেকারি।
সোমবার বিকেলে সেখানে অভিযান চালান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী। এ সময় লাইসেন্স না থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং বেকারি মালিককে সতর্ক করার উদ্দেশ্যে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন' অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক মো. আশরাফ আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং পঞ্চগড় সদর থানা পুলিশের একটি চৌকস দল শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন। জনস্বার্থে এবং খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কমেন্ট বক্স