১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ঝিনাইদহ বন বিভাগে অনিয়মের অভিযোগ টিপি পাশের নামে চলছে রমরমা চাঁদাবাজি

আপলোড সময় : ২০-০৬-২০২৬
ঝিনাইদহ বন বিভাগে অনিয়মের অভিযোগ টিপি পাশের নামে চলছে রমরমা চাঁদাবাজি বন বিভাগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ বন বিভাগে ট্রান্সপোর্ট পারমিশন (টিপি) এবং বনজ দ্রব্য হস্তান্তর পাশের  নামে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা বাণিজ্য। সরকারি নিয়ম অনুযায়ী এই পাস বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও সেবাগ্রহীতাদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। এই সিন্ডিকেটের নেপথ্যে বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে। বাণিজ্যের নেপথ্যে জেলার এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করছেন ফরেস্টার জাকির হোসেন এবং ফরেস্ট গার্ড দিপু বিশ্বাস। সরাসরি মাঠপর্যায়ে তারাই এই অর্থ আদায়ের মূল হোতা হিসেবে কাজ করছেন। বনজ দ্রব্য পরিবহনের জন্য পাস দেওয়ার নামে তারা প্রতিটি গাড়ি থেকে ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন।

স্থানীয় সূত্র ও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ঝিনাইদহ জেলা থেকে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০টি বনজ দ্রব্যবাহী গাড়ি চলাচল করে। প্রতিটি গাড়ি থেকে নিয়মবহির্ভূতভাবে এই টাকা আদায় করায় মাস শেষে যার পরিমাণ দাঁড়াচ্ছে কয়েক লক্ষাধিক টাকায়। বিভাগীয় বনকর্মকর্তার পক্ষে স্বাক্ষর করে থাকেন ঝিনাইদহ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার জাকির হোসেন। যার প্রতিটি মুড়ি বইতে নাম তারিখের জায়গা ফাকা রেখে একাধিক স্বাক্ষর করা রয়েছে। বিভাগীয় সূত্রে জানা যায়, প্রশাসনিক কাঠামো অনুযায়ী জেলা পর্যায়ে ডেপুটি রেঞ্জার দায়িত্ব পালনের কথা থাকলেও সেই পদ দখল করে আছেন ফরেস্টার জাকির হোসেন। অভিযোগ রয়েছে, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অমিতা মণ্ডলের ছত্রছায়ায় এবং আর্থিক লেনদেনের বিনিময়ে তিনি নিয়ম বহির্ভূতভাবে এই গুরুত্বপূর্ণ পদটি দখল করে রেখেছেন। ফলে পুরো জেলায় বন বিভাগের কার্যক্রমে স্থবিরতা ও দুর্নীতির ডালপালা বিস্তার লাভ করেছে।

শুধুমাত্র টিপি বা ট্রানজিট পাস বাণিজ্য নয়, জেলার লাইসেন্সবিহীন করাত কল পরিচালনা এবং শত কিলোমিটার সরকারি বনায়ন কর্মসূচী কার্যক্রমে স্বল্প শ্রমিকের মাধ্যমে বৃহৎ অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে দীর্ঘদিনের। সাধারণ ব্যবসায়ীরা জানান, বন বিভাগের এমন স্বেচ্ছাচারিতার কারনে তারা চরম হয়রানির শিকার হচ্ছেন। ঝিনাইদহ জেলা বন বিভাগের চাঁদাবাজি সিন্ডিকেটের প্রধান ফরেস্টার জাকির হোসেন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এসব নিয়ে লেখা-লেখির কি দরকার। আমি আপনি সকলের বাড়ি ঝিনাইদহে - খরচ খরচা লাগলে বলেন। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সহকারি বনসংরক্ষক জুমুয়াজামান বলেন, আমি এই অফিসে নতুন যোগদান করেছি। আপনাদের অভিযোগের বিষয়টি আমার অজানা। বিভাগীয় কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলবো। যশোর অঞ্চলের বন সংরক্ষক হারুন অর-রশিদের সাথে কথা হলে তিনি বলেন, কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে বিভাগীর বন কর্মকর্তা অমিতা মন্ডল এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।স্থানীয় সচেতন মহল এবং পরিবেশবাদী সংগঠনগুলো অবিলম্বে এই দুর্নীতির তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ