মাগুরায় ট্রাকচালক হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি ফেনীতে গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত পলাতক আসামি
এম. এমরান পাটোয়ারী, ফেনী: মাগুরায় চাঞ্চল্যকর ট্রাকচালক আবদুর রহমান হত্যা ও ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি সাগর মোল্লাকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৩ জুন) রাত আড়াইটার দিকে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-৪ সাভারের যৌথ আভিযানিক দল ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাগর মোল্লা মাগুরার শালিখা থানার ভাটোয়াইল গ্রামের ওহাবের ছেলে। তিনি ওই মামলার ৯ নম্বর পলাতক আসামি।
বুধবার (২৪ জুন) র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মাগুরা থানায় দায়ের করা হত্যা ও ডাকাতি মামলার এজাহারনামীয় আসামি সাগর মোল্লা ফেনী মডেল থানা এলাকায় আত্মগোপনে আছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাবের যৌথ দল ফেনীর মুহুরী ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স