জাতীয় সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায় আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংসদ সচিবালয়
শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে অংশ নেওয়া সুবিধাবঞ্চিত ২১ জন শিক্ষার্থী, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এছাড়া কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নৈতিক মূল্যবোধ এবং বিভিন্ন দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।
গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র সুরভী স্কুলের শিক্ষার্থী আনিকা আক্তার, মো. রমিজ, তারমিন, সুমাইয়া শাহরিন, আতিকুর রহমান, কণা আক্তার, সামিয়া আক্তার, মো. যুবরাজ, মো. রিফাত ও খাদিজা আক্তার সংসদ পরিদর্শনে অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন প্রধান শিক্ষক ইসরাত জাহান লিটা, সহকারী শিক্ষক মানিক হোসেন ও তানিয়া আক্তার, সুরভীর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন এবং গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জয়া সরকার, নির্বাহী পরিচালকের একান্ত সচিব উৎপলা দাস ও স্বেচ্ছাসেবীরা।
এদিন সংসদ কার্যক্রম পরিদর্শনের সময় গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রকাশিত একটি উন্মুক্ত আবেদন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মো. সুজাউদ্দৌলার কাছে হস্তান্তর করা হয়।