কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ৩০জুন২০২৬ইং কোনো নতুন কর আরোপ বা বিদ্যমান কর না বাড়িয়েই রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নগর ভবনের সিটি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। আয় ও ব্যয় সমপরিমাণ ধরে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
রাসিক প্রশাসক বলেন,নাগরিকদের স্বস্তি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাস্তবতার নিরিখে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে নাগরিক সুযোগ-সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরের মূল বাজেট:৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা সংশোধিত বাজেট: ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা ২০২৬-২০২৭ প্রস্তাবিত বাজেট: ১,০০৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সা নাগরিক সুবিধা ও ছাড় কর ছাড়: বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্সে ৯০% ছাড়। ছাদবাগান মালিকদের হোল্ডিং ট্যাক্সে ১০% ছাড়।
সারচার্জ ছাড়:১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, দোকান ভাড়া, অটোরিকশা, চার্জার রিকশা ও চালকদের লাইসেন্স ফির সারচার্জের ওপর ১৫% ছাড়।
স্বাস্থ্যসেবা: সিটি হাসপাতাল আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, দরিদ্রদের জন্য স্বল্পমূল্যে সেবা। চারটি অ্যাম্বুলেন্স ও দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা।
সিনিয়র সিটিজেন: রাসিকের পার্ক ও বিনোদনকেন্দ্রে ৫০% ছাড়।
নাগরিক সেবা: বাস টার্মিনাল ও রেলস্টেশনে বিশুদ্ধ পানি, আধুনিক শৌচাগার ও নামাজের স্থান নির্মাণ। ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার ও হেল্পলাইন কল সেন্টার চালুর উদ্যোগ।
বর্জ্য ব্যবস্থাপনা: আধুনিক প্রকল্পের মাধ্যমে বর্জ্য থেকে সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা। জলাবদ্ধতা নিরসন: নিয়মিত ড্রেন পরিষ্কার ও কাদা অপসারণ। মশক নিধনে নতুন ফগিং মেশিন কেনা হবে।
সড়ক ও ফ্লাইওভার: ৩০টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার। হড়গ্রাম, বিলসিমলা ও বন্ধগেট রেলক্রসিংয়ের তিনটি ফ্লাইওভারের কাজ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে শেষ করার লক্ষ্য।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা:পদ্মার চরে পাখির অভয়ারণ্য, রিভার ড্রাইভওয়ে, আন্তর্জাতিক মানের হাসপাতাল, বায়োডাইভারসিটি পার্ক, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও আধুনিক পরিবহন ব্যবস্থা।
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে মিল রেখে আগামী এক বছরে রাজশাহী মহানগরীতে ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রায় ৫৩ হাজার গাছের চারা রোপণ শুরু হয়েছে।
রাসিক প্রশাসক জানান,রাজশাহীকে পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স