০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​উন্নয়ন ও জনসেবায় জোর: কিশোরগঞ্জ পৌরসভার নতুন বাজেট ঘোষণা

আপলোড সময় : ০২-০৭-২০২৬
​উন্নয়ন ও জনসেবায় জোর: কিশোরগঞ্জ পৌরসভার নতুন বাজেট ঘোষণা স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করেন

এ জেড আল মুজাহিদ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ পৌরসভায় অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৭৫ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২৯ জুন (সোমবার) দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত এই বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৭৪ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৭৮৬ টাকা। আয়ের বিপরীতে বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৯ লাখ ৬০ fly ৬২ টাকা এবং সামগ্রিক হিসাবে ১ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৭২৪ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটের আয় ও ব্যয়ের খাতগুলো সুনির্দিষ্টভাবে সাজানো হয়েছে। আয়ের খাতগুলোর মধ্যে রাজস্ব খাতে ৩৫ কোটি ২ লাখ ৯৮ হাজার ৯১৩ টাকা, পানি সরবরাহ খাতে ৫ কোটি ৬ লাখ ৫৬ হাজার ২২২ টাকা, সরকারি অনুদান ও রাজস্ব মিলিয়ে উন্নয়ন খাতে ৭ কোটি ১২ লাখ ৫৮ হাজার ৫১৫ টাকা, প্রকল্প খাতে ২৫ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ১৩৫ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৪৪ লাখ ৬১ হাজার টাকা আয় ধরা হয়েছে। অপরদিকে ব্যয়ের পরিমাপ হিসেবে রাজস্ব খাতে ৩৩ কোটি ২৯ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ৫ কোটি ৬ লাখ ১৫ হাজার ৫৩০ টাকা, উন্নয়ন খাতে ৭ কোটি ৯ লাখ ৬০ হাজার ৫৩২ টাকা, প্রকল্প খাতে ২৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট বক্তব্যে পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী জানান, এই বাজেটে নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শহরের অবকাঠামো উন্নয়ন, বহুতল পৌর সুপার মার্কেট নির্মাণ, নালা ও সড়ক নির্মাণ-সংস্কার, নিরাপদ পানি সরবরাহ এবং বর্জ্য সংগ্রহ ও অপসারণের ওপর জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, তথ্যপ্রযুক্তির প্রসার ও শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম এবং হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এনায়েত কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ