১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

​ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর এনামুল হক

আপলোড সময় : ০৭-০৭-২০২৬
​ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর এনামুল হক প্রফেসর এনামুল হক

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষা প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা প্রফেসর মোঃ এনামুল হক। দায়িত্ব গ্রহণের পর তিনি বোর্ডের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, গতিশীলতা এবং সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে বোর্ড কার্যালয়ে উৎসবমুখর ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

জানা গেছে, গত ১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর মোঃ এনামুল হককে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে গত ২৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলান চৌধুরী স্বাক্ষরিত পৃথক এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়। ফলে বর্তমানে তিনি বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সচিব উভয় গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করছেন।

প্রফেসর মোঃ এনামুল হক ১৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৯৯ সালে শিক্ষা ক্যাডারে যোগদানের পর থেকে তিনি দেশের বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) হিসেবে কর্মরত ছিলেন। ওই দায়িত্বে থাকাকালে বোর্ডের আর্থিক ব্যবস্থাপনা, নিরীক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

শিক্ষা প্রশাসনের পাশাপাশি শিক্ষক হিসেবেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। তিনি মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, আনন্দ মোহন কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের কাছে নিবেদিতপ্রাণ শিক্ষক এবং সহকর্মীদের কাছে দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি অর্জন করেন।

প্রফেসর মোঃ এনামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষা প্রশাসনের পাশাপাশি শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াচর্চার প্রতিও তার আগ্রহ রয়েছে।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রফেসর মোঃ এনামুল হক বলেন, “আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষা বোর্ডের সেবার মান আরও উন্নত করতে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য হয়রানিমুক্ত, দ্রুত ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং পরীক্ষাসহ বোর্ডের সব কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, প্রফেসর মোঃ এনামুল হকের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী হবে। একই সঙ্গে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সচিব হিসেবে দায়িত্ব পালনের ফলে নীতিনির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় আরও সুদৃঢ় হবে। এর মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান আরও দ্রুত, সহজ এবং মানসম্মত সেবা পাবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ