১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

​অল্পের জন্য রক্ষা

ভৈরবে পৌর নোটিশ উপেক্ষা করা শত বছরের পুরোনো ভবন ধস

আপলোড সময় : ১৩-০৭-২০২৬
ভৈরবে পৌর নোটিশ উপেক্ষা করা শত বছরের পুরোনো ভবন ধস ভৈরবে পৌর নোটিশ উপেক্ষা করা শত বছরের পুরোনো ভবন ধস

এ জেড আল মুজাহিদ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব শহরের অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা দুধ বাজারে ঘটে গেল একটি বড় দুর্ঘটনা। গত রোববার (১২ জুলাই) রাত ৯টার দিকে সেখানকার একটি শত বছরের পুরোনো দুই তলা ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। তবে ভৈরব বাজারের সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এলাকায় লোক সমাগম অন্য দিনের চেয়ে অনেকটাই কম ছিল। এছাড়া ধসে পড়ার বিকট শব্দ শুনে নিচ তলার কয়েকজন পাইকারি ডিম ব্যবসায়ী দ্রুত দোকান থেকে দৌড়ে বের হয়ে যান। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং অল্পের জন্য প্রাণে বাঁচেন পথচারী ও দোকানদাররা। দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসমাগম রোধসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যবসায়ী তারিক আহমেদের মালিকানাধীন এই ঐতিহাসিক ভবনটি দীর্ঘদিন আগেই চরম ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। ভৈরব পৌর কর্তৃপক্ষ ভবনটি অপসারণের জন্য একাধিকবার নোটিশ দিলেও মালিক পক্ষ তাতে কোনো কর্ণপাত করেনি। উল্টো সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুরোনো ভবনটির নিচ তলার দোকান এবং ওপরের বিভিন্ন রুমে গুদামঘর বানিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।

ঘটনার পর পরই ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, যেহেতু বারবার নোটিশ দেওয়ার পরও মালিক ভবনটি সরাননি এবং এখন সেটির একাংশ ধসে পড়েছে, তাই জননিরাপত্তার স্বার্থে সোমবার থেকেই পৌরসভার নিজস্ব উদ্যোগে ভবনটি সম্পূর্ণ অপসারণের কাজ শুরু হবে। একই সাথে আইন অমান্য করে মানুষের জীবন ঝুঁকিতে ফেলার কারণে ভবন মালিকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ