১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

​কাসিমপুর কারাগার থেকে নারী কয়েদি পলায়ন, ৭ কারারক্ষী বরখাস্ত

আপলোড সময় : ১৮-০৭-২০২৬
​কাসিমপুর কারাগার থেকে নারী কয়েদি পলায়ন, ৭ কারারক্ষী বরখাস্ত সংগৃহীত ছবি

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ,গাজীপুর: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক সাজাপ্রাপ্ত নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় ৭ জন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ মেট্রন ও ৪ নারী কারারক্ষীর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। 

সাময়িক বরখাস্তকৃত কারারক্ষীরা হলেন- মেট্রন লায়লা আঞ্জুমান সুমি, মেরিনা, রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা আক্তার। 

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছন। তিনি বলেছেন, ‘দায়িত্ব অবহেলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কারাবিধি অনুসারে তাঁদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

তিনি আরো বলেছেন, পলাতক কয়েদিকে দ্রুত গ্রেপ্তারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। কঠোর নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন বন্দী পালাতে সক্ষম হলো সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

কারাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৪০ জন নারী বন্দীকে দিয়ে কারাগারের ভেতরে কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনের অবহেলার কারণে কয়েদি রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। পরে কারাগারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি পালিয়ে গেছেন।

পলাতক কয়েদি রিম্পা (২১) মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুরা গ্রামের মো. হাসান হাবিবের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। এ ঘটনায় শুক্রবার কোনাবাড়ি থানায় কারাগারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ