পিরোজপুরের স্বরূপকাঠিতে পেয়ারা বাগানে ঘুরতে এসে পানিতে ডুবে পর্যটক কিশোরের মৃত্যু
মুহিন সরদার
মাহামুদ হোসাইন, পিরোজপুর: পিরোজপুরের স্বরূপকাঠিতে বন্ধুদের সাথে পেয়ারা বাগানে ঘুরতে এসে পানিতে ডুবে মুহিন সরদার (১৭) নামের এক পর্যটক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল অনুমানিক সাড়ে পাঁচটার দিকে পর্যটন এলাকা নামে পরিচিত কুড়িয়ানায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মুহিন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের সৌদি প্রবাসী মনির হোসেন সরদারের ছেলে। সে গুঠিয়া আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
নিহত মুহিনের সাথে ঘুরতে আসা অন্য বন্ধুরা জানায়, তারা কিছু বন্ধুরা মিলে ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে কুড়িয়ানার পেয়ারা বাগানে ঘুরতে আসে। বিকালে তারা কুড়িয়ানার - আদমকাঠি খালে ঘুড়ে বেড়ানোর সময় ট্রলারের সামনের দিকে থাকা মুহিন অসাবধানতা বশত খালে পড়ে যায়। সাথে থাকা বন্ধুরা ট্রলার থামিয়ে অনেকক্ষণ খোঁজাখুজির পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স