২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে নিপুণ রায় চৌধুরী

বিগত ১৭ বছরে এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে

আপলোড সময় : ২০-০৭-২০২৬
বিগত ১৭ বছরে এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে বক্তব্য রাখছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাড. নিপুন রায় চৌধুরী
 
সালাম হোসেন, ঝিনাইদহ : বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের  সংসদ সদস্য এ্যাড. নিপুন রায় চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে এমপি-মন্ত্রীদের কেউ কেউ মাদকের ডিলারের মতো কাজ করেছে। সেই জায়গা থেকে ভেঙে পড়া বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে।

রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইমাম ও পুরোহিতদের প্রতি আহ্বান জানিয়ে নিপুন রায় চৌধুরী বলেন, মসজিদে খুতবা ও ধর্মীয় আলোচনায় ইমামদের মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা উচিত। একইভাবে মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে পুরোহিতদেরও মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। এতে তরুণ সমাজ ও পরিবারগুলো মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আরও সচেতন হবে। তিনি বলেন, মাদকের বিস্তার রোধে শুধু সচেতনতা বৃদ্ধি যথেষ্ট নয়’ তরুণ বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে হবে।

সরকার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। যুবসমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হলে হতাশা ও মাদকের প্রতি ঝোঁক অনেকটাই কমে আসবে। পাশাপাশি শুধু বৃক্ষরোপণ ও চারা বিতরণ নয়, নতুন নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগও নিতে হবে।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, আবু বকর বিশ্বাস,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান এবং অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ