হোটেল-রেস্তোরাঁ খাতে নিম্নতম মজুরি বাস্তবায়ন ও শিশুশ্রম নিরসনে ময়মনসিংহে উদ্বুদ্ধকরণ সভা
অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
কামরুল হাসান, ময়মনসিংহ : হোটেল, রেস্তোরাঁ, বেকারি, বিস্কুট ও কনফেকশনারি খাতে নিম্নতম মজুরি বাস্তবায়ন, শিশুশ্রম নিরসন, জবরদস্তিমূলক শ্রম বন্ধ এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সভার আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ। এতে হোটেল, রেস্তোরাঁ, বেকারি, বিস্কুট ও কনফেকশনারি শিল্পের মালিক, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিম্নতম মজুরি বাস্তবায়ন, শিশুশ্রম সম্পূর্ণরূপে বন্ধ, জবরদস্তিমূলক শ্রমের অবসান এবং কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ বলেন, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম আইন প্রতিপালনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়া সভায় বক্তব্য দেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, ময়মনসিংহ জেলার আহ্বায়ক ড. ছাইদুল ইসলাম, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি খন্দকার শরীফ উদ্দিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, ময়মনসিংহের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দল ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মোঃ ফিরোজ নুন, সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. তাহমিনা ইয়াসমিন, শ্রম পরিদর্শক (সাধারণ) মোহাম্মদ আব্দুল মোতালেব এবং শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ আব্দুল্লাহ আল মামুন।
কমেন্ট বক্স