কর্দমাক্ত বনবাড়ীয়া সড়ক যেন এক মরণফাঁদ—দ্রুত পাকা করার দাবি
কর্দমাক্ত বনবাড়ীয়া সড়ক যেন এক মরণফাঁদ
এ কে আজাদ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি-বনবাড়ীয়া কাঁচা সড়কটি এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে মরণফাঁদে পরিণত হয়। ফলে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।সড়কটি দ্রুত পাকা করার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, বনবাড়ীয়া গ্রামের প্রধান এই কাঁচা সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই সেই গর্তগুলোতে পানি ও কাদা জমে একাকার হয়ে যায়। কাদার কারণে রিকশা, ভ্যান বা মোটরসাইকেল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই অসম্ভব হয়ে পড়েছে। প্রতিনিয়ত পিছলে পড়ে আহত হচ্ছেন পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। কৃষকেরা তাদের উৎপাদিত ফসল সময়মত বাজারে নিতে পারছেনা। পণ্য পরিবহনের খরচ বেড়েছে কয়েকগুন, যার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। এলাকার কোনো মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার মতো জরুরি যাতায়াত ব্যবস্থাও ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, "নির্বাচনের আগে অনেকেই রাস্তা পাকা করার আশ্বাস দেন, কিন্তু পরে আর কেউ খোঁজ নেন না।
এলাকাবাসী জানান " দুই কি: মি: দীর্ঘ সড়কের অর্ধেক ৮ বছর আগে পাকা করা হয়, বাকী অর্ধেক সড়কের আর কোন সংস্কার করা হয়নি। স্থানীয় জন প্রতিনিধিদের বার বার বলা সত্তেও কোন কার্যকরী ব্যবস্থা নেয়নি। বর্তমানে সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।একটু বৃষ্টি হলেই আমাদের অবরুদ্ধ হয়ে পড়তে হয়। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই এবং সড়কটি দ্রুত পাকা করার জোর দাবি জানাচ্ছি।"এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, সড়কটি পাকা করণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসী আর কোনো আশ্বাস নয়, দ্রুত বাস্তব কাজের বাস্তবায়ন দেখতে চান।
কমেন্ট বক্স