নাতনির জন্য নানীর ‘সরল বিশ্বাস’, হাসপাতালে বেডে শুইয়ে দিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা!
সংগৃহীত ছবি
পঞ্চগড় প্রতিনিধি: হাসপাতালে চিকিৎসাধীন নানাকে দেখতে এসে শেষমেশ এক অবুঝ শিশুকে পোহাতে হলো চরম আতঙ্ক। চিকিৎসার নিরাপদে আশ্রয়েই এক রোগীর বিরুদ্ধে উঠে এসেছে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ঘটা এই হৃদয়বিদারক ঘটনার অভিযুক্ত রোগী মো. মতিয়ার রহমানকে (৫৭) ইতোমধ্যেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ভোররাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। অসুস্থ নানাকে দেখাশোনা করতে পরিবারের সাথে শিশুটিও রাতে হাসপাতালে ছিল। স্বজনদের সাথে ওয়ার্ডের মেঝেতেই ঘুমিয়ে ছিল সে। রাত আনুমানিক আড়াইটার দিকে একই ওয়ার্ডের ১১ নম্বর বেডের রোগী মতিয়ার রহমান ছদ্মবেশী সহানুভূতি দেখিয়ে শিশুটির নানীকে বলেন, “মেঝেতে ঘুমাল তো বাচ্চার কষ্ট হবে, বেডে এনে শুইয়ে দিন।
মতিয়ারের বয়স ও অসুস্থতার ধরন দেখে নানী তাকে নিঃসংকোচে বিশ্বাস করেন এবং নাতনিকে তার বেডে শুইয়ে দেন। কিন্তু ভোর চারটার দিকে শিশুটির হঠাৎ চিৎকারে স্বজন ও ওয়ার্ডের অন্য রোগীদের ঘুম ভেঙে যায়। শিশুটি কান্নায় ভেঙে পড়ে স্বজনদের জানায়, ওই রোগী তাকে ধর্ষণের চেষ্টা করেছে। স্বজনরা তাৎক্ষণিকভাবে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশকে অবহিত করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ জানান, মেডিসিন ওয়ার্ডের এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ঘটনাটি শোনার পরপরই বিষয়টির আইনি পদক্ষেপ সম্পর্কে তারা অবহিত হয়েছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, “ঘটনাটি জানার পরই মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত রোগীকে দ্রুত গ্রেপ্তার করা হয়। বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”
কমেন্ট বক্স