আরএমপির অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে ১১২ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ জুলাই রাত ১১টার দিকে কাটাখালী থানা পুলিশ চককাপাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারঘাটের পাসুন্দিয়া গ্রামের টনি (২০) ও তানোরের দুর্গাপুর গ্রামের রাসেল মণ্ডল (২৮)-কে গ্রেপ্তার করে। টনির কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, রাসেল ইয়াবা বিক্রিতে সহযোগিতা করছিলেন।
এদিকে, ২৬ জুলাই সকাল পৌনে ৭টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ কেচুয়াতৈল এলাকায় অভিযান চালিয়ে নুর ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন রাত পৌনে ৯টার দিকে মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফরিদ আলী (২৬) ও রফিকুল ইসলাম রকি (১৯)-কে গ্রেপ্তার করা হয়। ফরিদের কাছ থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রকি ট্যাপেন্টাডল বিক্রয়ে সহযোগিতা করছিলেন বলে জানায় পুলিশ।
এছাড়া রাত সোয়া ১২টার দিকে মেহেরচণ্ডী পূর্বপাড়ায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কমেন্ট বক্স