রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন
রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে। ১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হবে বলে জানান।
সোমবার (২৭ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ ও বাজারজাতকরণে বিএফডিসির কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রের সভায় বিষয়টি নিশ্চিত করা হয় । এসময় জেলা প্রশাসক নাজমা আশরাফী'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএফডিসির কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রের কমান্ডার মো. ফয়েজ আল করিম, জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকার কথা ছিল।তবে নির্ধারিত সময়ে হ্রদে পর্যাপ্ত পানি বৃদ্ধি না হওয়া এবং মাছের প্রজনন কার্যক্রম আশানুরূপ না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীরা বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি এবং মাছের বংশবৃদ্ধির বিষয়টি বিবেচনা করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকার ও মৎস্য আহরণের সঙ্গে জড়িত সবাই উপকৃত হবে।
কমেন্ট বক্স