হামলার দুই দিন পরও গ্রেপ্তার নেই, ক্ষোভে ফুঁসছেন বনকর্মীরা
সংগৃহীত ছবি
এস.এম. হুমায়ুন কবির, কক্সবাজার ব্যুরোচীফ : কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনার দুই দিন পার হলেও এখনো কোনো হামলাকারীকে আইনের আওতায় আনা হয়নি। এতে বন বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
বন বিভাগের একাধিক কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি দায়িত্ব পালনকালে হামলার শিকার হওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা না নেওয়ায় মাঠপর্যায়ের বনকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এতে বনভূমি দখল ও পাহাড় ধ্বংসের বিরুদ্ধে চলমান অভিযান পরিচালনায়ও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তাঁদের আশঙ্কা।
গত ২৭ জুলাই পানেরছড়া রেঞ্জের আওতাধীন এলাকায় অবৈধভাবে গড়ে তোলা একটি পানের বরজ উচ্ছেদ অভিযানের সময় সংঘবদ্ধ হামলায় রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ পাঁচজন বনকর্মী আহত হন। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হন।
এদিকে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়িত্ব পালনরত বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেছে।
তবে এ ঘটনায় মামলা কি না প্রশ্নের জবাবে কক্সবাজার উত্তর বনবিভাগীয় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ প্রতিবেদক কে জানান,এক রেঞ্জ অফিসার সহ ৫ বন কর্মী বনদস্যুদের হামলায় গুরুতর আহত হয়েছে। এসব বনকর্মীদের চিকিৎসা চলছে। এ ঘটনায় দীর্ঘ সময় অতিবাহিত হলে ও হামলায় জড়িত কেউ এখন গ্রেপ্তার না হওয়ায় কর্মরত বনকর্মীদের মাঝে চরম বিরাজ করছে। এ রিপোর্ট লেখা কালীন পর্যন্ত এ ঘটনায় বনকর্মীদের পক্ষ থেকে কোন মামলা রুজু হয়নি বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
কমেন্ট বক্স