গ্রাহকসেবার মানোন্নয়নে ইসলামি ব্যাংকের অঙ্গীকার, ময়মনসিংহে গ্রাহক সমাবেশ
গ্রাহকসেবার মানোন্নয়নে ইসলামি ব্যাংকের অঙ্গীকার, ময়মনসিংহে গ্রাহক সমাবেশ
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ‘গ্রাহক সেবায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের ঘুন্টি বাজারে ইসলামি ব্যাংক পিএলসি’র ঘুন্টি বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র (শাইন এন্টারপ্রাইজ)-এর উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় ঘুন্টি বাজার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকের আস্থা, উন্নত সেবা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে ইসলামি ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি ব্যাংক পিএলসি ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল জলিল। তিনি বলেন, ইসলামি ব্যাংক পিএলসি দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। গ্রাহকের দোরগোড়ায় নিরাপদ, সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী হিসাব খোলা, আমানত গ্রহণ, অর্থ উত্তোলন, প্রবাসী আয় গ্রহণ, সরকারি ভাতা বিতরণসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা সহজেই গ্রহণ করতে পারছেন। তিনি আরও বলেন, গ্রাহকসেবার গুণগত মান বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সেবার পরিধি সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামি ব্যাংক আরও কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর। নিরাপদ ব্যাংকিং লেনদেনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি ইসলামি ব্যাংক পিএলসি ময়মনসিংহ শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাঃ শামছুল হুদা চৌধুরী বলেন, গ্রাহকের সন্তুষ্টিই একটি ব্যাংকের সবচেয়ে বড় অর্জন। স্বচ্ছতা, জবাবদিহিতা, আন্তরিকতা এবং সেবার উৎকর্ষ নিশ্চিত করে গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করতে ইসলামি ব্যাংক নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংয়ের প্রসারের ফলে গ্রামের সাধারণ মানুষও এখন শহরের মতো সহজেই আধুনিক ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচিকে আরও বেগবান করতে ভবিষ্যতেও ইসলামি ব্যাংক জনকল্যাণমূলক ও গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইসলামি ব্যাংক পিএলসি ঘুন্টি বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র (শাইন এন্টারপ্রাইজ)-এর এজেন্ট স্বত্বাধিকারী অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার। স্বাগত বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় মানুষের আস্থা ও সহযোগিতায় এ কেন্দ্র একটি নির্ভরযোগ্য সেবাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।ভবিষ্যতেও আরও উন্নত, দ্রুত ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘুন্টি বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ইনচার্জ নোমান মিয়া। এ সময় বক্তব্য দেন ইসলামি ব্যাংক পিএলসি ময়মনসিংহ শাখার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ইনচার্জ মাজহারুল ইসলাম, আল হেলাল তালুকদার এবং বিজিবি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। বক্তারা এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা, নিরাপদ লেনদেন ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকদের জন্য সহজলভ্য আর্থিক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন আবু কাউসার, মনজুরুল হক, সাবেক ইসলামি ব্যাংক কর্মকর্তা আবুল কাশেম সরকার, মাজহারুল ইসলাম, আকবর আলী এবং আকরামুল ইসলাম। তারা ইসলামি ব্যাংকের সেবার মান, কর্মকর্তাদের আন্তরিকতা, দ্রুত লেনদেন ব্যবস্থা এবং গ্রামীণ পর্যায়ে ব্যাংকিং সেবা সম্প্রসারণের প্রশংসা করেন। একই সঙ্গে গ্রাহকসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।অনুষ্ঠানে ইসলামি ব্যাংক পিএলসি ময়মনসিংহ জোন, শাখা ও এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, গ্রাহক, সুধীজন এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে গ্রাহকদের সঙ্গে মতবিনিময়, ব্যাংকিং সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়। শেষে দেশ, জাতি, ইসলামী ব্যাংক পিএলসি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স