এসএমই ব্যাংকিংয়ে নেতৃত্ব আরও শক্তিশালী করল ব্র্যাক ব্যাংক
সংগৃহীত ছবি
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে ব্র্যাক ব্যাংক। এসএমই ব্যাংকিংয়ে দেশের শীর্ষস্থান ধরে রেখে ব্যাংকটির এসএমই ফান্ডস আন্ডার ম্যানেজমেন্ট (এফইউএম) ৫৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকটির মতে, এই অর্জন নতুন উদ্যোক্তাদের অর্থায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই প্রতিফলন, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
এসএমই ফান্ডস আন্ডার ম্যানেজমেন্ট বলতে এসএমই খাতের মোট আমানত ও বিতরণ করা ঋণের সমন্বিত পরিমাণকে বোঝায়। বর্তমান ৫৬ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে রয়েছে ২১ হাজার কোটি টাকার গ্রাহক আমানত এবং ৩৫ হাজার কোটি টাকার এসএমই ঋণ। ব্যাংকটির দাবি, এটি তাদের সম্পর্কভিত্তিক ব্যাংকিং মডেলের প্রতি উদ্যোক্তাদের আস্থারই প্রতিফলন।
প্রতিষ্ঠার ২৫ বছরে ব্র্যাক ব্যাংক ২০ লাখের বেশি কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার কাছে ২ লাখ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করেছে। এর প্রায় ৮৫ শতাংশ ঋণ দেওয়া হয়েছে কোনো ধরনের জামানত ছাড়াই। দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ডিজিটাল গ্রাহক নিবন্ধন ব্যবস্থা এবং ‘আস্থা’ ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকটি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন ও আমানত সেবা আরও সহজ করেছে।
এই অর্জন উদযাপন উপলক্ষে এসএমই ব্যাংকিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ব্র্যাক ব্যাংকই দেশের একমাত্র ব্যাংক, যার তিনটি প্রধান ব্যবসায়িক খাত—এসএমই, করপোরেট ও রিটেইল ব্যাংকিং—প্রতিটিই এখন ৫০ হাজার কোটি টাকার বেশি পোর্টফোলিও পরিচালনা করছে।
তিনি বলেন, এসএমই ফান্ডস আন্ডার ম্যানেজমেন্ট ৫৬ হাজার কোটি টাকায় পৌঁছানোর পেছনে গ্রাহকদের আস্থা এবং এসএমই টিমের নিরলস পরিশ্রম সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। গত ২৫ বছর ধরে ব্যাংকটি দেশের উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণে কাজ করছে। ভবিষ্যতেও উদ্ভাবন, ডিজিটাল সক্ষমতা এবং দেশব্যাপী সেবার পরিধি বাড়িয়ে উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ব্যাংকটির মতে, এই অর্জন এসএমই ব্যাংকিংয়ে তাদের নেতৃত্বকে আরও সুসংহত করেছে। একই সঙ্গে উদ্যোক্তা সৃষ্টি, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক ব্যাংকের ভূমিকা আরও শক্তিশালী করবে।
কমেন্ট বক্স