১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ফোনালাপের অডিও ফাঁস

রংপুরে বরখাস্ত হলেন অধ্যাক্ষ

আপলোড সময় : ০২-০৮-২০২৬
রংপুরে বরখাস্ত হলেন অধ্যাক্ষ সংগৃহীত ছবি

শাহিনুরা আক্তার, রংপুর ব্যুরো প্রধান: রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির এক ছাত্রীকে মুঠোফোনে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভ এবং একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর একাডেমির ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত নেয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আব্দুল কাদের ও এক ছাত্রীর মধ্যে ৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি ফোনালাপের অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে ব্যবহারিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর এবং বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। তবে কথোপকথনের একপর্যায়ে ছাত্রীটি ওই প্রস্তাব কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন এবং শিক্ষককে এ ধরনের অনৈতিক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। 

অডিওটি প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত শিক্ষকের স্থায়ী অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার শিক্ষার্থীরা একাডেমির সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন।

ভুক্তভোগী ছাত্রী বলেন, বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান। একজন শিক্ষকের কাছ থেকে এমন অনৈতিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি শিক্ষকতার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার একাডেমির ম্যানেজিং কমিটির জরুরি সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সভায় বিধি অনুযায়ী আইয়ুব হোসেনকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

একাডেমি সূত্র জানায়, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের আগেই আব্দুল কাদের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল কাদের নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। উদ্ভূত পরিস্থিতির কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি।” ফাঁস হওয়া কল রেকর্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একাডেমির সভাপতি জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, নৈতিক স্খলনজনিত গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ