৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​পবায় উপকারভোগীদের অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ

আপলোড সময় : ০২-০৮-২০২৬
​পবায় উপকারভোগীদের অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ ​পবায় উপকারভোগীদের অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহীর পবা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে পবা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিনের চাবি এবং প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণে শুধু আর্থিক সহায়তা নয়, টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সবচেয়ে কার্যকর উদ্যোগ। অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিনের মতো আয়বর্ধক উপকরণ উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকার পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মমুখী প্রকল্প বাস্তবায়ন করছে এবং এসব উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন। তিনি বলেন, সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগে প্রান্তিক মানুষের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করা হচ্ছে। বিতরণ করা উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। তিনি প্রকল্পের সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

অটোরিকশার চাবি হাতে পেয়ে নওহাটা পৌরসভার বায়া মধ্যপাড়া এলাকার উপকারভোগী আব্দুর রশিদ আবেগঘন অনুভূতি প্রকাশ করে বলেন, জীবনে কখনো নিজের একটি অটোরিকশা হবে—এমনটি তিনি কল্পনাও করেননি। এই সহায়তা তার পরিবারের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখন নিয়মিত আয়ের মাধ্যমে সংসার পরিচালনা করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন এবং সরকার, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার দুর্গাপুর উপজেলার প্রোগ্রাম অফিসার রাকিবুল হাসান জানান, কাতার চ্যারিটির অর্থায়নে ‘অটোমোটিভ লাইভলিহুড প্রজেক্ট’ বাস্তবায়ন করছে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা। প্রকল্পটির লক্ষ্য অটোমোবাইল খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা। এই প্রকল্পের আওতায় রাজশাহী জেলার নয়টি উপজেলায় মোট চারটি অটোরিকশা ও ট্রাইসাইকেল এবং তিনটি মিলিং মেশিন বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পবা উপজেলার নির্বাচিত উপকারভোগীদের মাঝেও এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি এবং নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পূর্ব উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, আব্দুল মান্নাফ মুন্নান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রতিনিধিসহ উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ