প্রশিক্ষণের বিকল্প নেই, দক্ষতা অর্জনে নিয়মিত প্রশিক্ষণ জরুরি: বাকৃবি ভিসি
প্রশিক্ষণের বিকল্প নেই, দক্ষতা অর্জনে নিয়মিত প্রশিক্ষণ জরুরি: বাকৃবি ভিসি
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখাকে আরও দক্ষ, আধুনিক ও পেশাদার হিসেবে গড়ে তুলতে বাদক দলের সদস্যদের অংশগ্রহণে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।রোববার (২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে সক্ষমতা অর্জনের জন্য নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা, আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, অর্জিত দক্ষতা নিরাপত্তা শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও সুনামসমৃদ্ধ করবে। তিনি বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শাখাকে আধুনিক, দক্ষ ও যুগোপযোগী প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করে যাচ্ছে।
নিরাপত্তা শাখায় বিদ্যমান জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি ভবিষ্যতে প্রয়োজনীয় জনবল নিয়োগের আশ্বাসও দেন।বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম।
নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং উপ-প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে নিরাপত্তা শাখার প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে নিরাপত্তা শাখার ১৫ জন সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের বাদ্যযন্ত্র পরিচালনা, কুচকাওয়াজ, শৃঙ্খলা, আনুষ্ঠানিক দায়িত্ব পালন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
কমেন্ট বক্স