মাসুম খান, ঝালকাঠি : ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ ও বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’।
সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাংবাদিক এবং সংস্কৃতিমনা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দেশাত্মবোধক ও প্রেরণামূলক গান, আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আত্মত্যাগ, ন্যায়বিচার, স্বাধীন চিন্তা ও সমঅধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস, সংগ্রাম ও চেতনাকে তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান জাতির ইতিহাসে সাহস, ঐক্য, আত্মত্যাগ এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। ইতিহাসের এই অধ্যায় সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তারা আরও বলেন, ইতিহাসের শিক্ষা ও সংস্কৃতির শক্তিকে ধারণ করেই আগামী প্রজন্ম একটি মানবিক, সৃজনশীল, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের চেতনা, সংগ্রাম ও গণমানুষের আকাঙ্ক্ষাকে নতুন করে স্মরণ করিয়ে দেয় এ আয়োজন।