পীরগঞ্জে প্রেমের সম্পর্কের জের ধরে যুবককে হত্যার চেষ্টা অতঃপর থানায় অভিযোগ
সংগৃহীত ছবি
মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর : রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১২নং মিঠিপুর ইউনিয়নের গবরা, কুতুবপুর এলাকায় প্রেমের সম্পর্কের জের ধরে এক যুবককে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী আলমগীর হোসেনসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত যুবকের মা মোছাঃ খাতেমুন (৫০)।
অভিযোগে উল্লেখ করা হয়, খাতেমুনের ছেলে মোঃ আরিফ প্রধানের (১৯) সঙ্গে প্রতিবেশী আলমগীর হোসেনের মেয়ে ঋতু (ছদ্দনাম) ইতিপূর্বে তাদের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে আলমগীর হোসেন বিভিন্ন সময় আরিফকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। প্রায় এক মাস আগে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিষয়টির মীমাংসাও করা হয়। এরপর থেকে আরিফের সঙ্গে ওই তরুণীর কোনো যোগাযোগ ছিল না বলে অভিযোগে দাবি করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত, ৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে দমতলিতে সাগর মিয়ার মাহেন্দ্র গাড়িতে তেল দিয়ে বাড়ি ফেরার পথে গবরা, কুতুবপুর মৌজার কালিতলা ব্রিজের পূর্ব পাশে সাজু মিয়ার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা আরিফের মুখ চেপে ধরে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় পথচারীর টর্চ লাইটের আলো দেখতে পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় প্রাণ নাশের হুমকি দিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ওই পথ দিয়ে বাড়ি ফেরার সময় সাদেকুল ইসলাম আরিফকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাদের সহযোগিতায় আহত আরিফকে অটোভ্যান যোগে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাফিজার রহমান বলেন, “ঘটনার কথা আমি শুনেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। কয়েকদিন আগে আরিফ প্রধানকে কেন্দ্র করে একটি মেয়ে-সংক্রান্ত বিরোধের সালিশি মীমাংসাও করা হয়েছিল। তবে এ ঘটনার সঙ্গে সেই সালিশের কোনো সম্পর্ক আছে কি না, তা আমার জানা নেই।” ভুক্তভোগী আরিফ প্রধানের মা অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
কমেন্ট বক্স