রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৬৭০ বোতল ভারতীয় মাদক জব্দ
বিজিবির অভিযানে ৬৭০ বোতল ভারতীয় মাদক জব্দ
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো: রাজশাহী সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় আজ ৭ আগস্ট ২০২৬, ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে মীরগঞ্জ বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাঘা থানাধীন বারশিপাড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হবে।
উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবির দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আম বাগানের মধ্যে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর কয়েকজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সাথে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে প্রেস নোটে জানানো হয়।
কমেন্ট বক্স