০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ছোট নৌকায় ঘুরে দেখলেন হাট, নিলেন স্থানীয় পেয়ারার স্বাদ

ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

আপলোড সময় : ০৯-০৮-২০২৬
ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত সংগৃহীত ছবি

মো. সোহেল রানা (তাপস) : ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে ছোট নৌকায় চড়ে হাটের ব্যস্ততা, নৌকায় নৌকায় পেয়ারার কেনাবেচা এবং বর্ষাকালের গ্রামীণ জনজীবন কাছ থেকে দেখেন তিনি। এ সময় স্থানীয় পেয়ারার স্বাদও নেন মার্কিন রাষ্ট্রদূত।

সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে পৌঁছান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন।

পরে ছোট একটি নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। খালের পানিতে সারি সারি নৌকা, নৌকায় বসে পেয়ারা বিক্রি, ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা এবং চারপাশের সবুজ-শ্যামল পরিবেশ কাছ থেকে উপভোগ করেন তিনি।

হাট পরিদর্শনের একপর্যায়ে স্থানীয় পেয়ারার স্বাদ নেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ভীমরুলীর মনোরম প্রাকৃতিক পরিবেশ ও ব্যতিক্রমী ভাসমান বাজারের দৃশ্যও উপভোগ করেন তিনি।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, “ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ভ্রমণ আমি বেশ উপভোগ করেছি। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমাকে অভিভূত করেছে।”

ভীমরুলীর হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারযোগে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানা এলাকার উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

বর্ষা মৌসুমে পেয়ারা উৎপাদন ও বেচাকেনাকে ঘিরে জমে ওঠে ভীমরুলীর এই ভাসমান হাট। খালের পানিতে নৌকায় নৌকায় চলে পেয়ারা কেনাবেচা। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ এই বাজার এখন দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রও। বর্ষাকালে দেশ-বিদেশের পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে ভীমরুলী।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ