১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

​সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদিবাসীদের

আপলোড সময় : ১০-০৮-২০২৬
​সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদিবাসীদের ​সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদিবাসীদের

হাবিবুর রহমান, মধুপুর (ধনবাড়ী, টাঙ্গাইল) : মধুপুরসহ সমতল এলাকার গারো, কোচসহ আদিবাসীদের ভূমি সমস্যা দীর্ঘদিনের, যা দ্রুত নিরসন ও সমতল এলাকার আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি করেছেন আদিবাসীরা।

টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন। 'আদিবাসীদের অধিকার, মর্যাদা ও টেকসই উন্নয়ন' প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন করেছে গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠী।

রবিবার (৯ আগস্ট) সকালে ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, কারিতাস, আচিক মিচিক সোসাইটিসহ ১৭টি সংগঠনের যৌথ আয়োজনে দিবসটির উদ্বোধন করেন এসিডিএফের সভাপতি অজয় এ মৃ। সকাল ১০টায় পায়রা উড়িয়ে উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দোখলা চত্বর প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।

পরে বিভিন্ন রংয়ের পোশাকে গারো আদি ঐতিহ্যের নৃত্য ও মান্দি গানে জমে ওঠে সাংস্কৃতিক পর্ব। বিভিন্ন গ্রামের দলভিত্তিক প্রতিযোগিতায় ফুটে ওঠে মনোমুগ্ধকর দৃশ্য।

আলোচনা সভায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ ক্ষুদ্র জনগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রা, টিডব্লিউএর চেয়ারম্যান রঞ্জিত নকরেক, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং সহ অনেকে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আদিবাসী লেখক ও গবেষক থিওফিল নকরেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্জিনা চিসিম ও নির্জন সিমসাং।

অনুষ্ঠানে মধুপুর বনাঞ্চল এলাকার বিভিন্ন গ্রামের নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন শ্রেণি ও পেশার কয়েক হাজার লোকজন অংশ নেয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ