একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় মানসম্মত শিক্ষার বিকল্প নেই: এমপি আবু ওয়াহাব
ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। বর্তমান বিশ্বের পরিবর্তিত বাস্তবতায় শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না; শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন ও প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী করে তুলতে মানসম্মত শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
গতকাল সকালে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের নতুন ভবনে ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় মানসম্মত শিক্ষার ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু ওয়াহাব বলেন, বিশ্ব এখন দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের কারণে প্রতিনিয়ত নতুন নতুন দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করতে না পারলে তারা ভবিষ্যতের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য তৈরি করলেই হবে না। তাদের জ্ঞান অর্জনের পাশাপাশি সমস্যা সমাধানের সক্ষমতা, সৃজনশীল চিন্তা, প্রযুক্তির ব্যবহার, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের সুযোগ দিতে হবে। শিক্ষাব্যবস্থাকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
আনন্দ মোহন কলেজের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য দেন মতবিনিময় সভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ আতিকুর রহমান।
সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার গুণগত মান উন্নত করা গেলে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল মানবসম্পদ তৈরি করা সম্ভব। আর দক্ষ মানবসম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবন ও কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে। ফলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই ও শ্রেণিকক্ষের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের বাস্তবভিত্তিক শিক্ষা, ব্যবহারিক দক্ষতা এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে। একই সঙ্গে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষাও নিশ্চিত করা জরুরি। জ্ঞান ও দক্ষতার পাশাপাশি একজন শিক্ষার্থীকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
সভায় আনন্দ মোহন কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করা এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
আয়োজকরা বলেন, শিক্ষার বর্তমান পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নিয়মিত মতবিনিময় প্রয়োজন। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নে বাস্তবভিত্তিক করণীয় নির্ধারণের সুযোগ তৈরি হয়। মতবিনিময় সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কমেন্ট বক্স