৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জিপিএ-৫ পেয়েছে ৫৭০০, পাসের হারে এগিয়ে ছাত্রীরা

এসএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ

আপলোড সময় : ১০-০৮-২০২৬
এসএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ সংগৃহীত ছবি
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৬-এর ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বছর এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) সকালে সারাদেশের সঙ্গে একযোগে ফল প্রকাশ করা হয়। এ উপলক্ষে ময়মনসিংহ শিক্ষা বোর্ড আয়োজিত সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্সে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব মোঃ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ শাহাদত উল্লাহ, উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা। বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ১ লাখ ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫ হাজার ২৮ জন। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৮৭৭ জন এবং ছাত্রী ৫১ হাজার ১৫১ জন। মোট উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ২৭৪ জন।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩৭২ জন। তাদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ।অন্যদিকে ছাত্রী উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৯০২ জন, পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ৫ হাজার ৭০০ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। ফলে পাসের হার ও জিপিএ-৫-উভয় ক্ষেত্রেই ছাত্রীরা এগিয়ে রয়েছে। ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে নেত্রকোনা। এ জেলায় পাসের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ।ময়মনসিংহে ৫৭ দশমিক ৮০, জামালপুরে ৫৫ দশমিক ৬০ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।শাখাভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭১ দশমিক ৮৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ১২ এবং ব্যবসায় শিক্ষায় ৪৮ দশমিক ৯১ শতাংশ। এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১৮৮টি কেন্দ্রে ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। চার জেলায় শতভাগ কৃতকার্য হয়েছে ১০টি প্রতিষ্ঠান। অন্যদিকে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা চারটি। ফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবে।
 
 

 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ