১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

​শৈশব থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

আপলোড সময় : ১৩-০৮-২০২৬
​শৈশব থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার নগরীর টাউন হলস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ‘আলোকিত মানুষ চাই’ প্রতিপাদ্যে আয়োজিত বিভাগীয় পাঠক সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: আলোকিত ও মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তুলতে শৈশব থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি বলেছেন, বই শিশুদের সামনে জ্ঞানের দুয়ার খুলে দেয়। আর বই পড়ার জন্য লাইব্রেরি হতে পারে সবচেয়ে আনন্দময় ও উৎসাহব্যঞ্জক জায়গা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নগরীর টাউন হলস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ‘আলোকিত মানুষ চাই’ প্রতিপাদ্যে আয়োজিত বিভাগীয় পাঠক সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধনী) প্রকল্পের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে হবে এবং বই পড়ার আনন্দ উপভোগ করতে হবে। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে শিশু-কিশোরদের চিন্তার জগৎ আরও সমৃদ্ধ হবে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, বাংলাদেশের মতো পারিবারিক ও সামাজিক বন্ধন পশ্চিমা বিশ্বে নেই। কিন্তু ক্রমেই আমরা সেই বন্ধন হারিয়ে ফেলছি। সামাজিক মূল্যবোধ ধরে রাখতে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, দেশ ও সমাজের প্রতি মমত্ববোধ এবং ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধ তৈরি করে, এমন বই পড়তে হবে। আলোকিত মানুষ গড়ে তুলতে শৈশব থেকে জীবনের শেষ পর্যন্ত বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) মোহাম্মদ হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধনী) প্রকল্পের পরিচালক মু. বিল্লাল হোসেন খান এবং গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকার প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) দেবাশীষ ভদ্র।সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ