০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আপলোড সময় : ১৫-০৮-২০২৬
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী সংগৃহীত ছবি

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।

গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহ অফিসার্স ক্লাবে শহরের প্রথম আন্তর্জাতিক মানের টার্ফ ফুটবল মাঠ ‘দি স্পোর্টিভা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলার মাধ্যমে শিশুদের ডিভাইস আসক্তি থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনতে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। প্রথম আসর সফলভাবে শেষ হয়েছে এবং দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন চলছে। 

তিনি জানান, দ্বিতীয় আসরে ১০টি ইভেন্টে ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করা হবে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে দ্বিতীয় আসরের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। দেশের ক্রীড়া অবকাঠামো প্রসঙ্গে আমিনুল হক বলেন, নতুন নতুন অবকাঠামো নির্মাণের পরিবর্তে বিদ্যমান ক্রীড়া স্থাপনাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ২২টি জেলার সুইমিং পুলকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। এর আওতায় ময়মনসিংহের সুইমিং পুলের প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন করা হবে। 

তিনি বলেন, শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পানিতে দুর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আট বিঘা জমি না পেলেও ছোট পরিসরের উপযুক্ত জায়গা ব্যবহার করে মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

ময়মনসিংহের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, নদীর ওপারে প্রায় ৩৫ একর জায়গাকে ক্রীড়া কার্যক্রমে কাজে লাগানোর পরিকল্পনা করা যেতে পারে। আগামী পাঁচ বছর পর অলিম্পিকের সর্বোচ্চ আসরে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিশ্চিত করে পদকের জন্য লড়াই করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। 

প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের মধ্য থেকেও অলিম্পিক ও প্যারা অলিম্পিকে পদকজয়ী ক্রীড়াবিদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে প্যারা ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে। 

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে দেশের ৬৪টি জেলায় ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রায় ৫০৩টি উপজেলায় মিনি স্টেডিয়ামের কার্যক্রম এবং বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। 

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তীব্র গরম থেকে মানুষকে সুরক্ষা দিতে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিতে হবে। 

ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এবং দি স্পোর্টিভার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফেরদৌস।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, ফুটবলপ্রেমী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে টার্ফ ফুটবল মাঠে ২০০৩ সালের সাফ গোল্ডকাপ জয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ‘দি স্পোর্টিভা’ টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন ঘোষণা করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ