দুই থানার ওসি প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
নাটোরে ইউএনও অফিস ভাঙচুর ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
আফরোজা ইয়াসমিন, নাটোর : পেশাগত দায়িত্ব পালনকালে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া ইউএনও অফিস ভাঙচুর ও উপজেলায় সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলা ও উপজেলা গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে লালপুর ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন গণমাধ্যম কর্মীরা।
গতকাল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নাটোরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সাংবাদিকদের অভিযোগ, বুধবার ১২ আগস্ট দুপুরে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিক্ষোভের ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ে অবস্থান নেন এবং সেখানে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিকদের অভিযোগ, তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বাগাতিপাড়ায় হামলার শিকার সাংবাদিক ফজলুর রহমানও ঘটনার এমন বর্ণনা দিয়েছেন।
এদিকে লালপুরে সংবাদ সংগ্রহের সময় মানবজমিনের সাংবাদিক রাসেদুল এবং এনটিভি অনলাইনের সাজিবুল ইসলাম হৃদয় মারধরের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় ইউএনও কার্যালয়ে হামলা, ও ভাঙচুর সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগও ওঠে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ, সাংবাদিক হালিম খান সাংবাদিক মুক্তার হোসেন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন খান নাসিম, ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ রায়, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সহ আরো অনেকেই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। কিন্তু পুলিশের উপস্থিতিতেই ইউএনও কার্যালয়ে হামলা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে—যা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাংবাদিক নেতারা লালপুর ও বাগাতিপাড়া থানার ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ছাত্রদলের সংবাদ বর্জনের ঘোষণাও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ, সাংবাদিক হালিম খান, সাংবাদিক মাহবুব আলম, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন খান নাসিম, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃকামাল হোসেন, ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ রায়।
কমেন্ট বক্স