গাজীপুরে মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের"কেএসবি গ্রিন এনার্জি" উদ্বোধন ও" স্বপ্নকুটির ২" এর ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরে মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের"কেএসবি গ্রিন এনার্জি" উদ্বোধন
আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ, গাজীপুর : গাজীপুরে মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের"কেএসবি গ্রিন এনার্জি" উদ্বোধন ও" স্বপ্নকুটির ২" এর ভিত্তিপ্রস্তর স্থাপন শুক্রবার (২১ আগষ্ট) সকালে মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ কালীগঞ্জ থানার উলুখোলা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই সমবায় সমিতির প্রধান কার্যালয়ের সকল দৈনন্দিন কার্যক্রম, অফিস পরিচালনা, লিফট, এসি, মোটরসহ, স্বপ্নকুটির-১ এর লিফট পরিচালনা সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হবে, যা নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা, আরিফা সুলতানা শিফা। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমবায় মানেই সম্মিলিত শক্তি। আর এই সমিতি সেই সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। একটি পরিবেশবান্ধব, সাশ্রয়ী, টেকসই ও ভবিষ্যতমুখী সমবায় ব্যবস্থাপনার নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইনোভেশন আইডিয়া গ্রহন ও বাস্তবায়নে মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যক্রম বরাবরই প্রশংসনীয় এবং অন্য সমিতির জন্য অনুকরনীয়।
বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন। আমরা যদি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান এবং সমবায় সমিতির অফিসগুলোতে ধীরে ধীরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে পারি, তাহলে জাতীয় পর্যায়ে বিদ্যুতের ওপর চাপ কমানোর পাশাপাশি জ্বালানি ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি বলেন, সমিতি থেকে Solar EPC (Engineering, Procurement and Construction) এর মাধ্যমে আবাসিক, বানিজ্যিক, শিল্প খাতের উন্নয়নে রিনিউএবল এনার্জিকে কাজে লাগিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। ইতোমধ্যেই 'কেএসবি গ্রীন এনার্জি' এর মাধ্যমে একটি মাদ্রাসায় সোলার প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম সমাপ্ত হয়েছে এবং তা ফাংশনালভাবে কাজ করছে। এই মহৎ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি এবং নতুন নতুন উদ্ভাবনী ও উৎপাদনমুখী কাজ গ্রহণে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সমবায়ের মূল দর্শন হলো—নিজেদের উন্নয়নে নিজেদের অংশগ্রহণ।
আমরা এমন একটি সময়ে বাস করছি, যখন জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া আমাদের দেশের বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে জ্বালানি আমদানির ওপর চাপ, বৈদেশিক মুদ্রার ব্যবহার, বিদ্যুৎ উৎপাদনের ব্যয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব—সবকিছু বিবেচনায় নিয়ে আমাদের এখন আরও দক্ষ ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনার দিকে যেতে হবে। আর বাংলাদেশের জন্য সৌরবিদ্যুৎ বিশেষভাবে সম্ভাবনাময়। জেলা সমবায় কর্মকর্তা কর্তৃক সকল সমিতিকে যাদের নিজস্ব ভবন আছে, পর্যাপ্ত জায়গা আছে এবং আর্থিকভাবে সক্ষম—তারা পর্যায়ক্রমে নিজেদের প্রয়োজন অনুযায়ী রুফটপ সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়টি বিবেচনায় নিতে, এমনকি সমবায়ীদের বাড়িতেও সোলার এনার্জি স্থাপনের পরামর্শ দেন এবং মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির যে নতুন প্রোডাক্ট শুরু করেছে সেই সেবা নেওয়ার জন্য সকলকে আহবান জানান।
তিনি বলেন,পরিবর্তন কখনো একদিনে আসে না; পরিবর্তন শুরু হয় একটি ভালো উদ্যোগ দিয়ে। আজকের এই উদ্যোগ সেই পরিবর্তনেরই একটি সূচনা। এই সমবায় সমিতি শুধু নিজের বিদ্যুৎ চাহিদা পূরণেই সৌরশক্তিকে ব্যবহার করবে না; বরং অন্য সমবায় সমিতি ও স্থানীয় জনগণকে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে উৎসাহিত এবং স্থাপন করার ক্ষেত্রেও একটি মডেল সমবায় হিসেবে কাজ করবে।সমবায় সমিতিগুলো শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে—এমনটি নয়। সমবায় হতে পারে সবুজ বাংলাদেশ গড়ারও অন্যতম অংশীদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পলাশ হিউবার্ট গমেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা, ,আতাউর রহমান, ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনো, পাল পুরোহিত, মঠবাড়ি ধর্মপল্লী ও সমিতির উপদেষ্টা, বোর্ড কর্তৃপক্ষ ও অন্যান্য সদস্যবৃন্দসহ কালীগঞ্জ এর অন্যান্য সমিতির সমবায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স