এমপির সামনে বিএনপির সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি
সংগৃহীত ছবি
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল, ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজিত এ সমাবেশে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুরু করেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
এ সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট অঙ্গসংগঠনের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে কয়েকজন চেয়ার ছুড়ে মারতে থাকেন। এতে সমাবেশস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার সময় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল হট্টগোলে জড়িত নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান বলে দলীয় নেতাকর্মীরা জানান।
তবে তাঁর আহ্বানের পরও পরিস্থিতি কিছু সময় উত্তপ্ত ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। উত্তেজনা সৃষ্টি হলে সংসদ সদস্য নিজেই হট্টগোলকারী নেতাদের বক্তব্য দেওয়ার আহ্বান জানান। কিন্তু তাঁরা তা না মেনে সমাবেশস্থলে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন।
ঘটনার পর কিছু সময়ের জন্য সমাবেশে উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কমেন্ট বক্স