রোগী বাগিয়ে ক্লিনিকে নেওয়ার অভিযোগ
কিশোরগঞ্জে পুলিশের জালে ১৭ দালাল
সংগৃহীত ছবি
এ জেড আল মুজাহিদ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের প্রতারিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে ১৭ দালালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনভর কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৩২ জনকে আটক করে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে দালাল চক্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা মূলত গ্রাম ও দূরদূরান্ত থেকে আসা রোগীদের টার্গেট করত। কম খরচে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে তারা রোগীদের সরকারি হাসপাতাল থেকে ভাগিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেত। সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তৈরি তালিকার আলোকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি হাসপাতালের চিকিৎসা পরিবেশ স্বাভাবিক রাখতে ও রোগীদের ভোগান্তি কমাতে দালাল চক্রের বিরুদ্ধে পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
কমেন্ট বক্স