পুনঃনিরীক্ষণ নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের ব্যাখ্যা
সংগৃহীত ছবি
মোস্তাফিজুর রহমান লিটন, জেলা প্রতিনিধি, রাজশাহী : এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফল পুনঃনিরীক্ষণ কার্যক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড বলছে, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রচলিত বিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই পুনঃনিরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে প্রয়োজন অনুযায়ী অফিস সময়ের পর, এমনকি রাতেও বোর্ডের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।
বোর্ড কর্তৃপক্ষের ভাষ্য, রাজশাহী শিক্ষা বোর্ড একটি জনগুরুত্বপূর্ণ ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। বিভিন্ন কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কর্মকর্তা-কর্মচারীদের অফিস সময়ের পরও দায়িত্ব পালন করতে হয়েছে।
বোর্ড জানিয়েছে, পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম, উত্তরপত্র পুনঃনিরীক্ষণ এবং জরুরি প্রশাসনিক কাজ প্রয়োজন অনুযায়ী অফিস সময়ের বাইরেও সম্পন্ন করা হয়। শিক্ষাবর্ষের কার্যক্রম যাতে নির্ধারিত সময়ে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়। এ কারণে জরুরি ক্ষেত্রে রাতের বেলাতেও বোর্ডের অভ্যন্তরীণ কার্যক্রম চলা নতুন বা অস্বাভাবিক কোনো বিষয় নয়; এটি নিয়মিত ও রুটিন কার্যক্রমেরই অংশ।
সম্প্রতি পুনঃনিরীক্ষণ কার্যক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বোর্ড কর্তৃপক্ষের নজরে আসে। এসব প্রতিবেদনের বিষয়ে বোর্ড বলেছে, রাতের বেলায় চলমান প্রশাসনিক কার্যক্রমকে অন্য কোনো বিশেষ প্রেক্ষাপটে বা ভিন্নভাবে উপস্থাপন করা হলে তা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।
বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের ফলাফল অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনো শিক্ষার্থী যাতে ভুল মূল্যায়নের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করাই বোর্ডের অন্যতম প্রধান দায়িত্ব। এ কারণে পুনঃনিরীক্ষণসহ পরীক্ষা-সংক্রান্ত প্রতিটি কার্যক্রম নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন করা হয়।
এদিকে শিক্ষা-সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। বোর্ড কর্তৃপক্ষ বলেছে, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানকে তারা সবসময় শ্রদ্ধা করে। শিক্ষা-সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের আন্তরিক সহযোগিতাও কামনা করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার বিষয়ে সবসময় গুরুত্ব দিয়ে আসছে। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সর্বসাধারণকে গুজব কিংবা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষা-সংক্রান্ত যেকোনো তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও প্রকৃত তথ্য যাচাই করে তা জনসমক্ষে তুলে ধরা হবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি কমবে এবং শিক্ষা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে জনমনে আস্থাও বজায় থাকবে।
কমেন্ট বক্স