ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দকে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলাম। তিনি বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে ঘরবাড়ি ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। নিজেদের ঘরবাড়ি, কর্মস্থল ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ইসলামে পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব রয়েছে। এই ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা সম্ভব।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। এস এম তরিকুল ইসলাম বলেন, জুমার নামাজে প্রতি সপ্তাহে বিপুলসংখ্যক মানুষ মসজিদে সমবেত হন। তাই ইমাম ও ধর্মীয় নেতারা খুতবা ও ধর্মীয় বক্তব্যের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার বার্তা মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে পারেন। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী। এতে ধর্মীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধের করণীয় সম্পর্কে সবাই জানেন, কিন্তু জানার পরও তা বাস্তবে প্রয়োগ না করাই বড় সমস্যা। নিজেদের পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও সমাজের মানুষকে সচেতন করতে হবে। পরিচ্ছন্নতা শুধু সিটি কর্পোরেশন বা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব নয়; নিজের ময়লা নিজেকেই নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
কমেন্ট বক্স