২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

​বাঘায় দুই পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার

আপলোড সময় : ১৩-০৯-২০২৬
​বাঘায় দুই পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার ​বাঘায় দুই পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহীর বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোঃ  রুবেল হোসেন (৪৪) পলাতক রয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ  মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপনসহ ডিবি পুলিশের একটি দল অভিযানটি চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার আলাইপুর নাপিতপাড়া এলাকায় রোজিনা খাতুনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা কাঠের বাটসদৃশ দুটি সচল পিস্তল উদ্ধার করা হয়। একই স্থান থেকে তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন এবং পিস্তলের সাত রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে রোজিনা খাতুনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী রুবেল হোসেন পালিয়ে যান।

পুলিশ জানায়, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগে রোজিনা খাতুন ও তার স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক রুবেল হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মোঃ আলতাব হোসেনের মেয়ে। তার স্বামী রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

রাজশাহী জেলা ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। গ্রেপ্তার রোজিনা খাতুনকে আদালতে সোপর্দ করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ