গৎবাঁধা পদ্ধতি নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে
ময়মনসিংহ নগরীর এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গৎবাঁধা পদ্ধতি থেকে বেরিয়ে এসে দায়িত্বশীলতা, আত্মসমালোচনা ও কার্যকর মনিটরিংয়ের আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
তিনি বলেছেন, শুধু ভালো ফলাফল বা জিপিএ-৫ অর্জনই শিক্ষার মানের মাপকাঠি নয়; শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের সক্ষমতা তৈরিই শিক্ষার মূল লক্ষ্য।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, অনেক বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও শ্রেণিকক্ষে উপস্থিতি কম। কোথাও আবার শিক্ষার্থীরা শতকরা হার নির্ণয়ের মতো মৌলিক বিষয়েও দুর্বল। এসব সমস্যা শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানসহ শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবার আত্মসমালোচনার বিষয়।
তিনি বলেন, মনিটরিংয়ের উদ্দেশ্য শুধু উপস্থিতি দেখা নয়, শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তা দূর করা। প্রতিটি বিদ্যালয়ে ছোট ও পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অগ্রগতি মূল্যায়ন করতে হবে।
প্রধান শিক্ষকদের উদ্দেশে সাইফুর রহমান বলেন, প্রতিষ্ঠানপ্রধানকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয়, নেতা ও রোল মডেল হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ভয় বা শাস্তি দিয়ে নয়, নিজের কাজের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা, সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। সার্টিফিকেটনির্ভর শিক্ষার পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল মানুষ তৈরিতে গুরুত্ব দিতে হবে।
সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার ও ময়মনসিংহ পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর। এতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।
কমেন্ট বক্স