গোপালগঞ্জ শহরে চোর অপবাদ দিয়ে দুই নারীকে মারধর ও হেনস্থার অভিযোগে আটক ২
সংগৃহীত ছবি
পারভেজ লিপু, গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের কামারপট্টি এলাকায় এক তরুণীকে চুরির অভিযোগে আটক করে মারধর এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও বিতর্কের পরিস্থিতির কথা জানিয়েছেন ভুক্তভোগী তরুণী তিনা।
তিনার অভিযোগ, তিনি কোনো ধরনের চুরির সঙ্গে জড়িত নন। এরপরও তাকে ‘চোর’ অপবাদ দিয়ে আটক করা হয় এবং মারধর করা হয়। এ সময় ঘটনাটি ভিডিও করে পরে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী তিনা বলেন, চুরির অপবাদ দিয়ে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তিনি সামাজিক ও পারিবারিকভাবে বিতর্কিত পরিস্থিতির মুখে পড়েছেন। এতে তার ব্যক্তিগত সম্মান ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করেন তিনা।
অন্যদিকে, কামারপট্টির কয়েকজন দোকানদারের দাবি, ওই তরুণী চুরির সঙ্গে জড়িত ছিলেন। তাদের অভিযোগের ভিত্তিতেই দুই তরুণীকে আটক করা হয়েছিল বলে দাবি করেন তারা।
তবে তরুণীর বিরুদ্ধে আনা চুরির অভিযোগের সত্যতা এবং তাদের মারধরের ঘটনার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কারও অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়ে থাকলে, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।
ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে অভিযোগ ও ঘটনাটি আসলে কী ছিল বলে জানা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কমেন্ট বক্স