সারা দেশে পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ সিজিপিএ, ভিসি অ্যাওয়ার্ড পেলেন মুন্সীগঞ্জের রবিউর রহমান হৃদয়
সারা দেশে পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ সিজিপিএ, ভিসি অ্যাওয়ার্ড পেলেন মুন্সীগঞ্জের রবিউর রহমান হৃদয়
তানিয়া আক্তার, মুন্সিগঞ্জ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (এমএসসি) শ্রেণিতে পদার্থবিজ্ঞান বিভাগে সারা দেশের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ ৩.৯৭ অর্জন করে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড (ভিসি অ্যাওয়ার্ড) পেয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক শিক্ষার্থী মো. রবিউর রহমান হৃদয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাঁকে এ সম্মাননা প্রদান করে।
গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে রবিউর রহমান হৃদয়ের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি, তাঁর হাতে অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের ২০১৮-২০২২ শিক্ষাবর্ষের অনার্স ও মাস্টার্স পর্যায়ের বিভিন্ন বিভাগের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
বিভিন্ন বিভাগের মোট ৫৭ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি তাঁদের হাতে সনদ ও শিক্ষাবৃত্তির নগদ চেক তুলে দেওয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিপুলসংখ্যক শিক্ষার্থীর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে সর্বোচ্চ সিজিপিএ ৩.৯৭ অর্জন করে ভিসি অ্যাওয়ার্ড পাওয়ায় রবিউর রহমান হৃদয়ের এই অর্জন বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তাঁর এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকারি হরগঙ্গা কলেজে অধ্যয়নকালে রবিউর রহমান হৃদয় পড়াশোনায় মনোযোগী ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। উচ্চশিক্ষায়ও তিনি ধারাবাহিকভাবে ভালো ফলাফল ধরে রাখেন।
মাস্টার্স পর্যায়ে পদার্থবিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের মধ্য দিয়ে তাঁর সেই একাডেমিক সাফল্যের স্বীকৃতি মিলেছে জাতীয় পর্যায়ে।
রবিউর রহমান হৃদয়ের এই অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রে আরও সাফল্য কামনা করেছেন অনেকে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মেধা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ তৈরি করে। রবিউর রহমান হৃদয়ের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
কমেন্ট বক্স