০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে কমোডের ট্যাংক থেকে ৪.২০৪ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২০-০৯-২০২৬
বিমানবন্দরে কমোডের ট্যাংক থেকে ৪.২০৪ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কমোডের ট্যাংক থেকে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়েছে। শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬। ছবি: কাস্টমসের সৌজন্যে
 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কমোডের ট্যাংক থেকে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উদ্ধার করা এ পেস্টের আনুমানিক বাজারমূল্য সাড়ে সাত কোটি টাকার মতো হতে পারে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিমানবন্দর শাখার (এ-শিফট) একটি দল অভিযান চালায়। এ সময় কাস্টমস হলের ১ নম্বর বেল্টের পাশের শৌচাগারের কমোড থেকে পলিথিনে মোড়ানো ডিমের আকৃতির আটটি প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেটগুলো কমোডের ট্যাংকের ভেতর পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে কোনো দাবিদার না পাওয়ায় বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো উদ্ধার করে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে নেওয়া হয়।

প্যাকেটগুলো খুলে স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়, যার মোট ওজন ৪ দশমিক ২০৪ কেজি। উদ্ধার করা পদার্থ থেকে সোনা আলাদা করে এর প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের জন্য নিবন্ধিত স্বর্ণকারের মাধ্যমে প্রক্রিয়া চলছে।

কর্মকর্তারা জানান, উদ্ধার করা সোনার প্রাথমিক বাজারমূল্য ৭ কোটি ৫০ লাখ টাকার মতো হতে পারে। পরীক্ষা ও সোনা আলাদা করার প্রক্রিয়া শেষ হলে এর সঠিক পরিমাণ, বিশুদ্ধতা ও মূল্য জানা যাবে।

বিমানবন্দরে সন্দেহভাজন সোনার পেস্ট রেখে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাটি তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ