০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ছয় বছর পর কুষ্টিয়া জেলা যুবদলের আংশিক কমিটি

কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফাহিম সাধারণ সম্পাদক জিল্লু

আপলোড সময় : ২০-০৯-২০২৬
কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফাহিম সাধারণ সম্পাদক জিল্লু
আমিন হাসান, কুষ্টিয়া প্রতিনিধি 
দীর্ঘ প্রায় ছয় বছর পর কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও কমিটির একটি পদে বর্তমান জেলা ছাত্রদল সভাপতিকে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

রবিবার (২০ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সাত সদস্যের এ আংশিক কমিটির অনুমোদন দেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি এবং জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মোস্তাফিজুর রহমান সুমনকে সিনিয়র সহসভাপতি, জাকারিয়া মিলনকে সহসভাপতি, রাশেদুল ইসলাম রাশেদকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, জব্বার মিলনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোজাক্কির রহমান রাব্বিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা যুবদল কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার আগে গত দুই-তিন দিন ধরে পদপ্রত্যাশী বিভিন্ন নেতাকর্মী ও তাদের সমর্থকদের পছন্দের প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিল, সভা-সমাবেশ ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। দীর্ঘ সময় পর জেলা যুবদলের কমিটি গঠনের খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দেখা দিয়েছে।

নবনির্বাচিত সভাপতি ফুহাদ রেজা ফাহিম বলেন, বিগত ১৭ বছরে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছি। জেল খেটেছি, বাড়িছাড়া হয়েছি। দলের নীতিনির্ধারকেরা আমাদের ত্যাগের মূল্যায়ন করেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যুবদলের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ যুবদল গড়ে তুলতে ভূমিকা রাখব।

এদিকে নতুন কমিটিতে মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের স্থান না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কুষ্টিয়া সদর আসনের বিএনপির সাবেক তিনবারের সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

তিনি বলেন, নতুন জেলা কমিটিতে মাদক এবং চাঁদাবাজদের স্থান না হওয়ায় আমি আনন্দিত। যারা গত ১৭ বছর নির্যাতন-নিপীড়ন সহ্য করে রাজপথে ছিলেন, কেন্দ্রীয় নেতারা তাদের মূল্যায়ন করেছেন। এজন্য কেন্দ্রের নেতাদের ধন্যবাদ জানাই।

তবে কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মোজাক্কির রহমান রাব্বিকে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি বলেন, মোজাক্কির রহমান রাব্বিকে এই কমিটিতে দেখে আমি অবাক হয়েছি। কারণ তিনি বর্তমানে জেলা ছাত্রদলের সভাপতি। একটি কমিটি চলমান থাকা অবস্থায় তাকে কীভাবে আরেকটি কমিটিতে নেওয়া হলো, তা দুঃখজনক। তিনি বলেন, এমনকি রাব্বি নিজেও জানেন না যে তাকে জেলা যুবদলের কমিটিতে রাখা হয়েছে। এ ব্যাপারে রাব্বির মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

দীর্ঘ ছয় বছর পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম নতুন করে গতি পাবে বলে আশা করছেন নেতাকর্মীরা। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ১০১ সদস্যের কমিটি গঠনের প্রক্রিয়াকে ঘিরেও জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ