১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

​অর্থ আত্মসাৎ এর অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সিও’র সংবাদ সম্মেলন

আপলোড সময় : ২১-০৯-২০২৬
​অর্থ আত্মসাৎ এর অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সিও’র সংবাদ সম্মেলন ​অর্থ আত্মসাৎ এর অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সিও’র সংবাদ সম্মেলন

সালাম হোসেন, ঝিনাইদহ : সংস্থার অর্থ আত্মসাৎ এর অভিযোগ এবং পরবর্তীতে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন (সিও)। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে সিও’র পরিচালক (সার্বিক) ড. মেহেদী হাসান বলেন, সংস্থার চাঁদপুর শাখার সাবেক সহকারী শাখা হিসাবরক্ষক মোঃ সেলিম রেজা (স্টাফ আইডি-৪৬১৪)-এর বিরুদ্ধে সংস্থার অর্থ আত্মসাৎ এর অভিযোগ ওঠে। বিষয়টি উদ্ঘাটনের পর তিনি স্বেচ্ছায় নিজের দায় স্বীকার করে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি লিখিত অঙ্গীকারনামা দেন বলে দাবি করেন তিনি। একইসঙ্গে অর্থ আত্মসাৎ এর বিষয়ে বিস্তারিত বক্তব্য দিয়ে তিনি একটি ভিডিও সাক্ষাৎকারও দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ড. মেহেদী হাসান আরও বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর সংস্থার জোনাল কর্মকর্তারা সেলিম রেজার নিজ গ্রাম যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহে যান। পরবর্তীতে তার বাবা, চাচাসহ পরিবারের চার সদস্য চাঁদপুর শাখা কার্যালয়ে উপস্থিত হয়ে সংস্থার হিসাব-নিকাশ ও সংশ্লিষ্ট রেজিস্টার পর্যালোচনা করেন। সংস্থার দাবি, পর্যালোচনার পর তারাও অর্থ আত্মসাতের বিষয়টি সম্পর্কে অবগত হন। সংস্থার পক্ষ থেকে আরও দাবি করা হয়, আত্মসাৎ করা অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেলিম রেজার বাবা ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেন। এ বিষয়ে একটি ভিডিও বক্তব্যও সংস্থার কাছে সংরক্ষিত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, এসব লিখিত অঙ্গীকারনামা ও বক্তব্যের পরও গত ১৬ সেপ্টেম্বর যশোর প্রেসক্লাবে সেলিম রেজা ও তার পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে সংস্থার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন সিও’র কর্মকর্তারা। 

ড. মেহেদী হাসান বলেন, লিখিত অঙ্গীকারনামা, অডিও-ভিডিও বক্তব্য এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে হিসাব-নিকাশ পর্যালোচনার মতো নথি ও তথ্য থাকার পরও বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। একটি নিবন্ধিত উন্নয়ন সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানানো হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, এর আগেও সংস্থার কয়েকজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে বহিরাগতদের সঙ্গে যোগসাজশ করে অপপ্রচারের অভিযোগ উঠেছিল। এ বিষয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার তদন্ত ও প্রতিবেদনে প্রকৃত তথ্য উঠে এসেছে বলেও দাবি করা হয়। 

সংস্থার পরিচালক বলেন, কোনো ধরনের অপপ্রচারের মাধ্যমে কেউ আইনি প্রক্রিয়া থেকে দায়মুক্তি পেতে পারেন না। প্রকৃত তথ্য ও প্রামাণিক দলিলের ভিত্তিতে বিষয়টির সত্যতা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। এ সময় সাংবাদিকদের বিষয়টি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে লিখিত বক্তব্যে উল্লিখিত স্ট্যাম্প, অডিও-ভিডিও বক্তব্য ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রকৃত তথ্য তুলে ধরার অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং সিও’র কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ