০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আনন্দ মোহন বসুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : এমপি ওয়াহাব

আপলোড সময় : ২৩-০৯-২০২৬
আনন্দ মোহন বসুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : এমপি ওয়াহাব সংগৃহীত ছবি

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: শিক্ষা বিস্তার ও সমাজ গঠনে আনন্দ মোহন বসুর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। তিনি বলেন, গুণী মানুষের জীবন ও কর্ম নতুন প্রজন্মকে আলোকিত করে। আনন্দ মোহন বসুর মতো শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিদের আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা আনন্দ মোহন বসুর ১৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীল গুণাবলির বিকাশও জরুরি। এ ক্ষেত্রে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, আনন্দ মোহন বসু শিক্ষা বিস্তারে যে ভূমিকা রেখে গেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার। তাঁর স্মৃতি ও অবদান ধরে রাখতে শিক্ষার্থীদের মধ্যে তাঁর জীবন ও কর্মের ইতিহাস ছড়িয়ে দিতে হবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংশ্লিষ্ট শিক্ষক ও অতিথিরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন আলী ইউসুফ। আলোচনা সভায় বক্তারা আনন্দ মোহন বসুর শিক্ষা বিস্তারে অবদান এবং সিটি কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘উন্মুক্ত’ বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তিনটি গ্রুপে অংশ নেয়।

প্লে থেকে দ্বিতীয় শ্রেণি ‘ক’ গ্রুপ, তৃতীয় ও চতুর্থ শ্রেণি ‘খ’ গ্রুপ এবং পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ গ্রুপে প্রতিযোগিতা করে।প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ