৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​স্বাস্থ্যসেবার দুয়ারে দুর্গন্ধের পাহাড়

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে রোগী ও পথচারী

আপলোড সময় : ৩০-০৯-২০২৬
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে রোগী ও পথচারী ​স্বাস্থ্যসেবার দুয়ারে দুর্গন্ধের পাহাড়

মো: গোলাম রহমান লিমন, নবীগঞ্জ (হবিগঞ্জ): স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। যেখানে মানুষ সুস্থতার আশায় ছুটে আসে, সেই হাসপাতালের সামনেই যদি জমে ওঠে দুর্গন্ধ ছড়ানো ময়লার ভাগাড়, তবে তা শুধু দৃষ্টিকটুই নয়—জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকির কারণ হয়ে দাঁড়ায়।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক সামনেই দীর্ঘদিন ধরে সড়কের পাশে স্তূপ করে ফেলা হচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্য ও ময়লা-আবর্জনা। সর জমিনে গিয়ে দেখা যায়  দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকের বিপরীত পাশে বিশাল ময়লার স্তূপ থেকে চারদিকে ছড়িয়ে পড়ছে অসহনীয় দুর্গন্ধ। বৃষ্টির পানিতে পচে যাওয়া এসব বর্জ্য থেকে সৃষ্টি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, যা রোগী, স্বজন ও পথচারীদের জন্য প্রতিনিয়ত ভোগান্তির কারণ হয়ে উঠেছে। ময়লার স্তূপের পাশেই রয়েছে বাস ও সিএনজি স্ট্যান্ড, ফার্মেসি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা।

তাছাড়া এইসড়কটি নবীগঞ্জ থেকে হবিগঞ্জের প্রধান আঞ্চলিক সড়ক হওয়ায় প্রতিদিন হাজারো যানবাহন ও মানুষ এ পথ ব্যবহার করেন। হাসপাতালের চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে নাক চেপে এ পথ অতিক্রম করতে হয়। দুর্গন্ধের সঙ্গে মশা-মাছির উপদ্রবও বেড়েছে, যা সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি করছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বর্জ্য অপসারণ ও নির্ধারিত স্থানে ময়লা ফেলার কার্যকর ব্যবস্থা না থাকায় দিনের পর দিন এই ভাগাড় বড় হচ্ছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে এমন পরিবেশ প্রশাসনের নজরদারি ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছে।

একটি হাসপাতাল কেবল চিকিৎসার স্থান নয়, এটি মানুষের আশার প্রতীক। সেই আশার দুয়ার যদি দুর্গন্ধে আচ্ছন্ন থাকে, তবে তা একটি সভ্য সমাজের জন্য লজ্জাজনক বাস্তবতা। জনস্বার্থে দ্রুত এই ময়লার ভাগাড় অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করা এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
স্বাস্থ্যসেবার পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নাগরিক দায়িত্বও। পরিচ্ছন্ন নবীগঞ্জ গড়তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ