০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

​পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার

আপলোড সময় : ০৩-১০-২০২৬
​পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার সংগৃহীত ছবি

মাহামুদ হোসাইন, পিরোজপুর : কচা নদী থেকে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ট্রলার জব্দ করা হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড। 

শনিবার (৩ অক্টোবর) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টহল দল পাথরঘাটা উপজেলার মধ্য চরদোয়ানি ইউনিয়ন সংলগ্ন বলেশ্বর নদীতে অভিযান শুরু করে। পরে একটি ট্রলারকে ধাওয়া করে ভোর রাতে  পিরোজপুরের পুরাতন বেকুটিয়া ফেরিঘাট সংলগ্ন কুমিরমারা এলাকায় সেটি আটক করা হয় বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে। কোস্ট গার্ড সূত্র জানায়, ট্রলারটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। আটক ট্রলারটির নাম এফবি হাজী পেয়ার এবং নম্বর এফ-১১৫৪৯ বলে জানা গেছে। তবে ট্রলারে থাকা লোকজন অভিযান চলাকালে পালিয়ে যায়। 

প্রাথমিকভাবে উদ্ধার করা শাড়িগুলো প্রায় ৩৫০ বস্তায় রয়েছে বলে জানা গেছে। প্রতিটি বস্তায় আনুমানিক ৯০ থেকে ১০০টি শাড়ি থাকতে পারে। তবে উদ্ধার করা মালামালের মোট পরিমাণ ও আনুমানিক বাজারমূল্য এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, কোস্ট গার্ড ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামাল গণনা ও তালিকাভুক্ত করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপর উদ্ধার হওয়া মালামালের পূর্ণাঙ্গ তালিকা ও পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম জানান, বলেশ্বর নদীতে অভিযান শুরু করে কোস্ট গার্ডের একটি দল। পরে একটি ট্রলার ধাওয়া করে কচা নদীর পুরাতন বেকুটিয়া ফেরিঘাট এলাকায় আটক করা হয়। অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং উদ্ধার হওয়া মালামাল নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ